বরিশালের আগৈলঝাড়ায় জুম্মার নামাজে কথা বলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ মুসল্লীর মধ্যে হামলা-সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় উভয় পক্ষের মুসুল্লীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালে ভর্তি রোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের পূর্ব রতœপুর বেপারী বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের বারান্দায় বসে কথা বলছিলেন স্থানীয় রনি, শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লী। ওই মুসল্লীদের কথা বলতে নিষেধ করে স্থানীয় আনিসুর রহমান বেপারী। জুম্মার নামাজ শেষে সুন্নাত নামাজ চলাকালীন সময়ে রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিস বেপারীর সাথে তাদের বাগবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
এরপর মসজিদের বাইরে বেপারী বংশের লোকজন দু-ভাগে বিভক্ত হয়ে লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। হামলা-পাল্টা হামলার ঘটনায় দুলাল বেপারী (৫৫), মোহাম্মদ আলী (৬০) রনি বেপারী (২১) জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী (১৮), আব্দুর রব বেপারী (৬৫), সুমন বেপারী (৩২), রিপন বেপারী (৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী (১৭), সুজন বেপারী (১৫), আনিসুর রহমান বেপারী (৪৫), আলামিন বেপারী (৩৭), শফিক বেপারীসহ (৪৭) ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে আগৈলঝাড়া ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।







