ভরা মৌসুমে নগরীর মোকামসহ বাজারে ইলিশ মাছের আকাল দেখা দিয়েছে। গত দুইদিন আকাল দেখা দেয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকসহ ব্যবসায়ীরা। ইলিশ মাছ সংকটেও দাম বেড়েছে।
শুক্রবার নগরের ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে ঘুরে দেখা গেছে, আমদানী খুব কম। তাই শ্রমিকদের মাঝেও ব্যস্ততা নেই।পোর্ট রোডের আড়ত কর্মচারী মো. রানা বলেন, মোকামে এখন আগের চেয়ে অনেক কম মাছ আসছে। শুক্রবার পোর্ট বাজারে ৫০ মন মাছ বেচা-বিক্রি হয়েছে। তিনি জানান, সর্বোচ্চ এক কেজি দুইশ গ্রাম সাইজের মাছ এসেছে বাজারে। এর আগে দেড় কেজি থেকে এক কেজি ৭০০ গ্রাম সাইজেরও মাছ এসেছে। গতকাল বাজারে পাইকারী দরে এক কেজি দুইশ’ গ্রাম সাইজের মাছ প্রতিমন ৬২ হাজার, কেজি সাইজের মাছ প্রতিমন ৬০ হাজার, কেজির নিচে এলসি সাইজের মাছ ৫৭ থেকে ৫৮ হাজার, পাঁচশ’ থেকে ছয়শ’ গ্রাম সাইজের মাছ ৫৫ থেকে ৫৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে প্রতিদিন অভ্যন্তরীন নদীর ১৫/২০ মন ইলিশ মাছ বিক্রি হয়। ওই বাজারের পাইকারী বিক্রেতা নাইম সিকদার জানান, গত দুই দিন ধরে কোন মাছ আসে না। শুক্রবার বাজারে ৮/১০ টি ইলিশ মাছ উঠেছে।তিনি বলেন, ইলিশ মাছ না পেলে সবাই জেলে থেকে ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে আমরা অসহায় অবস্থায় রয়েছি।
একই কথা জানালেন নগরের বেলতলা বাজারের খুচরা মাছ বিক্রেতা মো. জাকির হোসেন। তিনি বলেন, ইলিশ মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। বৃহস্পতিবার নদীতে মাছ শিকার করা জেলেদের কাছে গিয়ে মাত্র একটি মাছ পেয়েছি। শুক্রবার গিয়ে কোন মাছ পায়নি। ইলিশ মাছ না পেলে সংসার চালাতে কষ্ট হয়।
ভরা মৌসুমে ইলিশ মাছ না পাওয়া কারন হিসেবে সমুদ্রে মাছ শিকারের ৬৫ দিনকে দুষছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বলেন, সমুদ্রে ইলিশ শিকারের জন্য ২৮ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে। এর মধ্যে ১৫ জুন থেকে ২৩ জুলাই বাড়তি নিষেধাজ্ঞা থাকে। কিন্তু ওই সময় ভারতীয় জেলেরা এসে মাছ শিকার করে। তিনি বলেন, ইলিশ মুলত সমুদ্রের মাছ। বাংলাদেশী জেলেরা সমুদ্র থেকে অত মাছ শিকার করতে পারে না। যা ভারতীয় জেলেরা করতে পারে। নিষেধাজ্ঞার কারনে বাংলাদেশী জেলেরা সমুদ্রে যায় না। এ সুযোগে ভারতীয় জেলেরা অত্যাধুনিক জাল দিয়ে মাছ শিকার করেছে। যার কারনে সমুদ্র ইলিশ শুন্যে হওয়ায় এখন অভ্যন্তরীন নদীতে মাছ নেই।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আরো বলেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। ভারত ২০ মে থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে ইলিশ শিকার নিষিদ্ধ করে। একই সময় বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে। তাহলে সমস্যা আর থাকবে না।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড







