বরিশাল নগরীর দেড় মাস জেল-হাজতে থেকেও শিক্ষক পদে বহাল রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন মোল্লা। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী এই নেতা নিয়মিত বেতন তুলছেন। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে বিষয়টি ধামাচাপ দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
কামাল মোল্লা নগরীর রুইয়ার পোল এলাকার আক্রাম মোল্লার ছেলে ও নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একাধিক মামলার আসামি হন তিনি। মামলা দায়েরের পর কয়েকমাস পালিয়ে ছিলেন। এরপর ২০২৫ সালের ২৪ ডিসেম্বর কামাল মোল্লাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এই দুটি মামলায় প্রায় দেড় মাস জেলহাজতে থাকার পরেও বর্তমানে বহাল তবিয়তে আছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা চলমান আছে।
জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র ও স্কুল কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বিষয়টি ধামাচাপা দেওয়ায় নিয়মিত বেতন তুলছেন কামাল। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের রাজনৈতিক সহকর্মী ছিলেন তিনি। ওই সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে চাকরি নেন কামাল। বর্তমান স্কুল কমিটির সভাপতি কামাল মোল্লার বড় ভাই সালাউদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে কামাল মোল্লা কোনো সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন।
বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকি বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো শিক্ষক যদি গ্রেফতার হয় তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
এদিকে ওই শিক্ষক কালাম মোল্লা স্কুলে আওয়ামী লীগের পূর্ণবাসন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।







