রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় বিএনপির স্থানীয় নেতা এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চারটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এস এম রেজা চৌধুরী সেলিম ডেমরা থানা বিএনপির আহ্বায়ক। তিনি গণমাধ্যমকে বলেন, মাদকবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ। এ কারণে বিভিন্ন সময়ে তাকে হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব হুমকিতে তিনি পিছপা হননি।
গত বৃহস্পতিবারও ১২০ পিস ইয়াবাসহ একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেলিমের ধারণা, এসব কারণেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, গুলি করে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। ডেমরায় মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড






